সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৯নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সমাজসেবক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ ফেরদৌস জামান উজ্জল। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন,জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করায় তিনি ইউনিয়নবাসীর কাছে ব্যাপক পরিচিতি ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,ফেরদৌস জামান উজ্জল একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর চাচা মরহুম লিয়াকত আলী সিদ্দিকী (বকুল) এবং পিতা মরহুম আব্দুল মতিন সিদ্দিকী উভয়েই হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক প্রজ্ঞা, সততা ও জনসেবার জন্য তাঁরা এলাকাবাসীর কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। তাঁদের আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখেই ফেরদৌস জামান উজ্জল নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন।
স্থানীয়দের মতে,তিনি সবসময় অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন মানবিক,সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করেছে। ফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে ফেরদৌস জামান উজ্জল বলেন, জনগণ যদি আমাকে তাদের সেবা করার সুযোগ দেন,তাহলে সততা,স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে হাটিকুমরুল ইউনিয়নকে একটি আধুনিক,উন্নত ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করব। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। ইনশাআল্লাহ,সকলের সহযোগিতায় একটি উন্নত ও সমৃদ্ধ হাটিকুমরুল গড়ে তুলব।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়,তরুণ ও শিক্ষিত নেতৃত্ব হিসেবে ফেরদৌস জামান উজ্জল ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। অনেকেই মনে করেন, তাঁর সততা,মানবিক মূল্যবোধ,নেতৃত্বগুণ এবং জনকল্যাণে নিবেদিত মানসিকতা হাটিকুমরুল ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় জনসাধারণের প্রত্যাশা,সুযোগ পেলে ফেরদৌস জামান উজ্জল তাঁর পূর্বসূরিদের জনসেবার ঐতিহ্য ধারণ করে হাটিকুমরুল ইউনিয়নকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবেন।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক