বিমানের এমডি-ডিএমডির বেতন প্যাকেজ ১৮ লাখ টাকার বেশি, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, ১১:৫৮ দুপুর
  • ২১৭৭৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে সদ্য নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তার বেতন-ভাতা নির্ধারণ নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। এ দুই পদের জন্য মাসিক মোট ১৮ লাখ টাকার বেশি বেতন-ভাতার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ এ সংক্রান্ত প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পরবর্তী মতামতের জন্য প্রস্তাবটি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।

সূত্র জানায়, এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) জন্য আয়কর কর্তনের পর মাসিক ১০ লাখ টাকা এবং ডিএমডির জন্য ৮ লাখ টাকা বেতনের প্যাকেজ সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি চুক্তির শর্ত অনুযায়ী অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও প্রাপ্য হবে।

গত ৭ এপ্রিল কাইজার সোহেল আহমেদকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও এবং সৈয়দ মঈনউদ্দিন আহমেদকে ডিএমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

বিমান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অতীতে সাধারণত সরকারের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তাদের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হতো এবং তাঁদের বেতন-ভাতা সরকারি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তবে বিমান একটি স্বতন্ত্র কোম্পানি হওয়ায় প্রতিষ্ঠানটির জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণের সুযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরেই বিমানকে আরও দক্ষ ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পেশাদার ব্যবস্থাপনা নিয়োগের দাবি ছিল। এর আগে ২০১৩ সালে ব্রিটিশ নাগরিক কেভিন জন স্টিলকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সে সময় তিনি প্রায় ১৯ লাখ টাকা মাসিক বেতনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতেন। তবে বিমানকে লাভজনক করার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নিলেও এক বছরের মাথায় তিনি পদত্যাগ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের বেতন-ভাতা দ্রুত চূড়ান্ত করা হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের মতামতের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad