বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয় ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পরীক্ষার মাধ্যমে বিচার বিভাগে প্রবেশ পর্যায়ের সহকারী জজ (সিভিল জজ) পদে মোট ২৫০ জন নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা কমানো বা বাড়ানো হতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল-২০১৬ অনুযায়ী ৩০ হাজার ৯৩৫ টাকা থেকে ৬৪ হাজার ৪৩০ টাকা বেতন পাবেন। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রাপ্য হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে তিন বছর মেয়াদি আইন বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ অর্জন করতে হবে। আইন বিভাগের শেষ বর্ষের পরীক্ষার্থীও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন।
বয়সসীমা
২০২৬ সালের ১ জুলাই তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণে মাধ্যমিক বা সমমানের পরীক্ষার সনদে উল্লেখিত জন্মতারিখ বিবেচনা করা হবে।
পরীক্ষার ধাপ
নিয়োগ পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি (MCQ): ১০০ নম্বরের পরীক্ষা। পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষা অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লিখিত পরীক্ষা: ১,০০০ নম্বরের পরীক্ষা। গড়ে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর। পাস নম্বর ৫০।
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—সব পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নির্ধারিত ‘BJSC Form-I’ পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬, দুপুর ১২টা
আবেদনের শেষ সময়: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট
আবেদন ফি: ১,২০০ টাকা
টেলিটকের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।
জুডিসিয়াল সার্ভিসে ক্যারিয়ার গড়তে আগ্রহী আইন বিভাগের শিক্ষার্থী ও স্নাতকদের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ