খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, বিএল কলেজের শিক্ষার্থীরাও হাসপাতালে

  • মোঃ শাহাদত হোসেন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, ০৩:১৮ দুপুর
  • ৬৫৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

খুলনার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা বাজার এলাকায় খুলনা–যশোর মহাসড়কে দুই যাত্রীবাহী বাস ও একটি তেলবাহী ট্রাকের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুলতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস, নওয়াপাড়া থেকে খুলনাগামী একটি তেলবাহী ট্রাক এবং খুলনা সরকারি বিএল কলেজগামী আরেকটি যাত্রীবাহী বাস পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ট্রাকচালক, হেলপারসহ একাধিক যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওয়াপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বিএল কলেজের একাধিক শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন—ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইভা, সমাজকর্ম বিভাগের তামান্না জান্নাত, অর্থনীতি বিভাগের সাবরিনা, গণিত বিভাগের রন্তা রায়, মাইমুনা ও বাংলা বিভাগের নাজমুন নাহার। এছাড়া যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান এবং বাসের হেলপার সাইফুলও আহতদের তালিকায় রয়েছেন। বর্তমানে তারা সবাই সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তৌহিদ জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে যশোরগামী তেলবাহী ট্রাকের একটি চাকা হঠাৎ ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায় এবং বিপরীত দিক থেকে আসা রূপসা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা বিএল কলেজগামী আরেকটি বাস দ্রুত এসে ট্রাকটিকে এড়িয়ে যেতে না পেরে সজোরে ধাক্কা দেয়। এতে মুহূর্তেই তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সঠিক কারণ ও দায় নির্ধারণে তদন্ত চলছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad