লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মোশাররফ হোসেন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি মরহুম মোশাররফ হোসেনের আত্মীয় বলেও জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, রোববার বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মোশাররফ হোসেন ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক। স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি জয় বাংলা বাহিনীর (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডারের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।
রাজনৈতিক জীবনে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) এর কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
সবশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক