কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এর আগে রোববার দুপুর পৌনে ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর এটি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুই দিনের মালয়েশিয়া সফর শেষে সোমবার রাতেই প্রধানমন্ত্রীর চীন সফর শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক