১৯ বছরের ভোগদখলের ঘের ‘জবরদখলের’ অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, ০৪:২২ দুপুর
  • ১৫২৬১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাগেরহাট সদর উপজেলার পার-নওয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা একটি মাছের ঘের জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কৃষক মো. ইশারাত খান। তিনি এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বৈধ অধিকার পুনঃপ্রতিষ্ঠায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (২২ জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইশারাত খান জানান, প্রায় ১৯ বছর আগে স্থানীয় হারুন শেখের সঙ্গে যৌথভাবে পার-নওয়াপাড়া বিলে মাছের ঘের পরিচালনা শুরু করেন। পরবর্তীতে নিজ উদ্যোগে প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর ঘের পরিচালনা করে আসছিলেন।

তিনি দাবি করেন, ওই জমির মধ্যে অজিয়ার রহমানের এক বিঘা জমি বন্ধকসূত্রে তার দখলে আসে এবং স্থানীয় সমঝোতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে তিনি জমিটি ব্যবহার করে আসছিলেন।

লিখিত বক্তব্যে ইশারাত খান অভিযোগ করেন, ২০২৪ সালের ৬ আগস্ট অজিয়ার রহমান তার পরিচালিত মাছের ঘের জোরপূর্বক দখল করে নেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ ও আইনজীবীদের উদ্যোগে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

তার ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষ এক বিঘা জমির মালিকানার কাগজপত্র দেখাতে সক্ষম হলেও বাকি জমির মালিকানার বৈধ দলিল উপস্থাপন করতে পারেননি। এরপরও পুরো সাড়ে তিন বিঘা ঘের বর্তমানে তাদের দখলে রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় তিনি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন। একই সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার ভোগদখল ও অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।

সংবাদ সম্মেলনে ইশারাত খানের ভাই সেকেন্দার ও বাসারত এবং ভাগ্নে জেলাল হাওলাদার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad