ক্যান্সারে মৃত্যু ও আক্রান্তের হার বাড়ছেই, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর চিত্র তুলে ধরা

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৬, ০৬:২৮ বিকাল
  • ১২৮৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে প্রতি বছর আনুমানিক ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন নতুন ক্যান্সার রোগী শনাক্ত হচ্ছেন এবং ক্যান্সারে মারা যাচ্ছেন প্রায় ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জন। বর্তমানে দেশে প্রায় ৩ লাখ ১৬ হাজার ৪১৭ জন ক্যান্সার রোগী জীবিত অথবা চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য মোছা. সানজিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা (আইএআরসি) প্রকাশিত গ্লোবোক্যান-২০২২ প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে ক্যান্সার আক্রান্ত ও মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

তিনি জানান, নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার এবং পুরুষদের মধ্যে ফুসফুস ও মুখ-ঠোঁটের ক্যান্সারের প্রকোপ সবচেয়ে বেশি। ক্যান্সার রোগীর সঠিক সংখ্যা নিরূপণ ও নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মাধ্যমে পপুলেশন-বেইজড এবং হসপিটাল-বেইজড ক্যান্সার রেজিস্ট্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ক্যান্সার চিকিৎসা সম্প্রসারণে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের আটটি বিভাগীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা ইউনিট স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব ইউনিট চালু হলে বিভাগীয় পর্যায়ে রেডিওথেরাপি, কেমোথেরাপি ও সার্জিক্যাল অনকোলজি সেবা আরও সহজলভ্য হবে।

এদিকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক কার্যক্রম চালাচ্ছে। কমিউনিটি ক্লিনিকবিহীন ওয়ার্ডগুলোতে জমি ও বাজেট প্রাপ্তি সাপেক্ষে আরও ৫৪০টি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের ৩১০টি হাসপাতালে প্রায় ৪৮৫টি চিকিৎসা যন্ত্রপাতি অকেজো অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ মেরামতের অযোগ্য এবং বাকি ৬০ শতাংশ মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। এছাড়া ২৫২টি হাসপাতালে প্রায় ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো রয়েছে, যার ৩৫ শতাংশ মেরামত অযোগ্য এবং অবশিষ্টগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত চিকিৎসক পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি হলেও বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকার সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যার তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি রোগী ভর্তি থাকেন। ফলে হাসপাতালের টয়লেটসহ সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর বিস্তার ক্রমেই বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে উঠেছে। এ সমস্যা মোকাবিলায় জীবাণু শনাক্তকরণ ও প্রতিরোধ ক্ষমতা নির্ণয়ের সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad