প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটিকে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দেন এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছাড়াই তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিচালিত স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, চলমান গবেষণা, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এসব কার্যক্রম পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্পারসোকে এমন একটি আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যা মহাকাশ গবেষণা, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবনের মাধ্যমে দেশের উন্নয়ন ও জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশবিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং রিমোট সেন্সিং প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।

প্রথম দর্পণ,ডেস্ক