দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি জানান, দেশের প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র এবং ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাপসুলের গুণগত মান নিয়ে কোনো ধরনের উদ্বেগের অবকাশ নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক পরীক্ষাগারে মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে দেশে আনা হয়েছে। তাই এসব ক্যাপসুলের মান অত্যন্ত ভালো এবং নিরাপদ।
তিনি জানান, বর্তমানে সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পর্যাপ্ত।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কোনো শিশু যাতে এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম দিন কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতে, প্রয়োজনে চতুর্থ দিন পর্যন্ত তাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান এবং শিশুদের সুস্বাস্থ্য ও অপুষ্টি প্রতিরোধে এ কর্মসূচিকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ