চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) পরিদর্শন করেছেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও উৎপাদন সংকটে থাকা এশিয়ার অন্যতম বৃহৎ এই পেপার মিলকে কীভাবে পুনরায় সচল ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সে বিষয়ে মিল কর্তৃপক্ষের কাছে মতামত ও পরিকল্পনা জানতে চান তিনি।
রোববার (২৮ জুন) সকাল ১০টায় বিভাগীয় কমিশনার চন্দ্রঘোনায় অবস্থিত কেপিএমে পৌঁছে মিলের উৎপাদন বিভাগের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় তিনি উৎপাদন কার্যক্রম, যন্ত্রপাতির বর্তমান অবস্থা এবং সামগ্রিক অবকাঠামো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মিলের কার্যক্রম পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে কেপিএম গেস্ট হাউসে আয়োজিত এক উপস্থাপনায় মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদ উল্লাহ প্রজেক্টরের মাধ্যমে প্রতিষ্ঠানের অতীত গৌরব, বর্তমান অবস্থা, উৎপাদন সক্ষমতা, সংকট এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিস্তারিত চিত্র তুলে ধরেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উৎপাদন বিভাগের প্রধান মাইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, এফআর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকসহ মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে কাপ্তাই সফরে পৌঁছালে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি রাইখালী হেডম্যান কার্যালয়ও পরিদর্শন করেন।

প্রথম দর্পণ,ডেস্ক