শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস, বিনা ভাড়ায় সহজ হবে যাতায়াত

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০৮ জুলাই ২০২৬, ০৪:২১ দুপুর
  • ১০৯৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (৮ জুলাই) বিমানবন্দরের ক্যানোপি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ, পিএসসি, জিডি (পি)।

বেবিচক জানায়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা এবং বেবিচক চেয়ারম্যানের তত্ত্বাবধানে সংস্থাটির নিজস্ব অর্থায়নে পরিচালিত এই শাটল সার্ভিস তিনটি গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। রুটগুলো হলো—বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসীমউদ্দীন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর।

এ সেবার মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে সম্পূর্ণ বিনা ভাড়ায় দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন। বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে প্রতিবন্ধী বা চলাচলে অসুবিধাগ্রস্ত ব্যক্তি এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীদের জন্য এই সেবা উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে।

বেবিচকের মতে, বিনামূল্যের এই শাটল সার্ভিস চালুর ফলে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমবে, বিমানবন্দর এলাকায় যানজট নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি যাত্রীসেবার সামগ্রিক মান উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়ন, চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সম্পূর্ণ বিনামূল্যের এই শাটল সার্ভিস চালু করা হয়েছে।

তিনি বলেন, এই উদ্যোগ যাত্রীদের সময় সাশ্রয়, নিরাপদ যাতায়াত এবং উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেবিচক জানিয়েছে, ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই অঙ্গীকার বাস্তবায়নে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে জনকল্যাণমূলক ও সময়োপযোগী উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন অংশীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad