দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে চলতি বছরের মধ্যেই আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সঠিক রোগ নির্ণয় নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত “সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)” শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি চলতি মাসেই আমদানি করা হবে। একই সঙ্গে কিডনি রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার, জেলা হাসপাতালে ১০ শয্যার এবং উপজেলা পর্যায়ের হাসপাতালেও ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে সরকার বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় প্রশিক্ষিত মিডওয়াইফ (ধাত্রী) ও কেয়ারগিভাররা বিশেষ স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের বিষয়ে মন্ত্রী বলেন, গত ১০ থেকে ১৫ বছরে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার উদ্বেগজনকভাবে বেড়েছে। এ হার নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী নতুন করে জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সহজলভ্যতা আগের মতো নিশ্চিত করা হবে।
দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটি উপজেলায় ৩১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, আধুনিকায়নের অংশ হিসেবে উপজেলা হাসপাতালগুলোতে ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নার, আধুনিক প্যাথলজি বিভাগ এবং কিডনি ডায়ালাইসিস সেন্টারসহ বিভিন্ন জনবান্ধব স্বাস্থ্যসেবা চালু করা হবে।
অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়া, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, লেগো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান ও ভাইস প্রেসিডেন্ট তারেক আলামিসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক