জম্মু ও কাশ্মীরে নির্বাচনের দুই বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে না দেওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি প্রশ্ন তুলেছেন, দাবি আদায়ে যদি দেশের ভেতরের সব পথই বন্ধ থাকে, তাহলে কি এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই যেতে হবে?
রোববার জম্মুতে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে ওমর আবদুল্লাহ বলেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। প্রথমে বলা হয়েছিল বিধানসভায় প্রস্তাব তুলেও রাজ্যের মর্যাদা পাওয়া যাবে না। এরপর বলা হলো, জম্মু-কাশ্মীরে আন্দোলন করলেও হবে না। এখন বলা হচ্ছে, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করলেও কোনো লাভ হবে না। তাহলে বলুন, কী করলে রাজ্যের মর্যাদা ফিরে পাব?’
এ সময় তিনি ব্যঙ্গাত্মক সুরে বলেন, ‘তাহলে কি এবার দাবি আদায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যেতে হবে? হোয়াইট হাউসের সামনেই কি গিয়ে অবস্থান কর্মসূচি পালন করব?’
ওমর আবদুল্লাহ জানান, কেন্দ্রীয় সরকার এ বিষয়ে স্পষ্ট অবস্থান না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং প্রয়োজন হলে জনগণের সমর্থন আদায়ে দ্বারে দ্বারে যাওয়া হবে।
তিনি আরও জানান, আগামী ২০ জুলাই শুরু হতে যাওয়া ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার করা হয়। একই সঙ্গে অঞ্চলটিকে বিভক্ত করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ—এই দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। সে সময় কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছিল, উপযুক্ত সময়ে জম্মু ও কাশ্মীরকে পুনরায় পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক