ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।
মুখপাত্র নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
ফাতেমেহ মোহাজেরানি বলেন, “নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। সরকার সর্বাত্মকভাবে জনগণের পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “দক্ষিণ ইরান আমাদের দেশের প্রাণকেন্দ্র। এই কঠিন সময়ে সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে।”
এদিকে, সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
তেহরানের অভিযোগ, ইরানের বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু সমঝোতা লঙ্ঘনই করেনি, বরং কার্যত তা ভেঙে দিয়েছে। একই সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণাও দিয়েছে ইরান।
সূত্র: দ্য গার্ডিয়ান ও এনডিটিভি।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক