ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সেনাসদস্যকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। অর্থের বিনিময়ে এক ইরানি এজেন্টের কাছে সামরিক-সংবেদনশীল তথ্য পাঠানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়েছে।
বুধবার টাইমস অব ইসরাইল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত সেনাসদস্য ২০২৫ সালে ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনব্যাপী সংঘাত চলাকালে ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থার কার্যক্রমসংক্রান্ত একটি ভিডিও এক ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছিলেন। ওই ভিডিওতে ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য এবং বেসামরিক এলাকা থেকে ধারণ করা হামলার ফুটেজ ছিল। তবে সেনাসদস্যকে ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আদালতের রায়ে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক হাজার ইসরাইলি শেকেল (প্রায় ৩৩৫ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। এছাড়া তার সামরিক পদমর্যাদা কমিয়ে প্রাইভেট পদে নামিয়ে আনা হয়েছে এবং শর্তসাপেক্ষে অতিরিক্ত কারাদণ্ডও স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুনে ইসরাইল ইরানের ওপর সামরিক হামলা চালালে দুই দেশের মধ্যে ১২ দিনব্যাপী তীব্র সংঘাত শুরু হয়। ওই সময় ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক