ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রতিটি ধারাই লঙ্ঘন করেছে। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ–এর বরাতে বাঘাই বলেন, হরমুজ প্রণালীতে চলাচলের সময় ইরানি কর্মকর্তাদের জন্য নির্ধারিত নৌপথ থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে একটি নির্দিষ্ট রুট ব্যবহার করতে বাধ্য করছে। তাঁর দাবি, এ ধরনের পদক্ষেপ সমঝোতা স্মারকের শর্তের সরাসরি লঙ্ঘন।
তিনি আরও বলেন, ইরান কখনোই যুদ্ধ শুরু করতে চায়নি। বর্তমানে চলমান, তাঁর ভাষায়, ‘আরোপিত যুদ্ধ’-এ দেশটি কেবল আত্মরক্ষার স্বার্থেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে তেহরান সমঝোতা স্মারকের আওতায় থাকা নিজেদের সব প্রতিশ্রুতি ও চুক্তির বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করেছে।
ইরানের অভিযোগ ঘিরে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক