ককরোচ পার্টির বিক্ষোভে না যাওয়ার নির্দেশনা, শিক্ষার্থী-শিক্ষকদের সতর্ক করল দিল্লি বিশ্ববিদ্যালয়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ১০:৪২ দুপুর
  • ১০৪১৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের সতর্ক করেছে দিল্লি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো বেআইনি সমাবেশ বা বিক্ষোভে অংশ নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক সতর্কবার্তায় বিশ্ববিদ্যালয় জানায়, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে অনুমতি ছাড়া বা বেআইনি কোনো কর্মসূচিতে অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ সতর্কতা জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যন্তর মন্তরে কোনো বেআইনি সমাবেশ বা বিক্ষোভে অংশ নিলে আইনগত পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।’

এছাড়া এমন কর্মকাণ্ড শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত করতে পারে এবং ভবিষ্যৎ পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সবাইকে আইন মেনে চলা এবং ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

চলমান পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছে কর্তৃপক্ষ। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার বা মন্তব্য না করার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রেখেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। গত ২০ জুন ঘোষিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

আন্দোলনে সংহতি জানিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটও। সিজেপি এবং বিরোধী দলগুলোর দাবি, প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।

সূত্র: এনডিটিভি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad