৩০ বছরের দুর্ভোগের অবসান, ব্যক্তি উদ্যোগে সড়ক সলিংয়ে স্বস্তি ফিরল রাউজানবাসীর

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৯ বিকাল
  • ৭০৫২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দীর্ঘ প্রায় ৩০ বছরের ভোগান্তির অবসান ঘটিয়ে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী সাহেব মিয়া বাড়ি এলাকার অবহেলিত কাঁচা সড়কে শুরু হয়েছে সলিং নির্মাণকাজ। বহুদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্যের এ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি ও আনন্দ।

জানা গেছে, রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ আলী সুমন নিজস্ব অর্থায়নে সড়কটির সলিং নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে নির্মাণকাজ চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারত না। বর্ষা মৌসুমে কাদামাটির কারণে পায়ে হেঁটে চলাচলও অত্যন্ত দুরূহ হয়ে পড়ত। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, প্রান্তিক কৃষক, বয়োবৃদ্ধসহ এলাকার হাজারো মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয়দের মতে, ব্যক্তি উদ্যোগে নির্মাণকাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াত সংকটের স্থায়ী সমাধানের পথ তৈরি হয়েছে। সড়কটি চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কটি সংস্কারের ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থারও উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

সড়কটির সলিং নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ কমিটির অর্থ সম্পাদক আবুল মনছুর, সমাজসেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, ইসহাক মিয়া, মো. জাহেদ, মমতাজ, আসিফ, ইয়াছিন উদ্দিন মাসুদ, রিপন, ইয়াকুব উদ্দিন আরিফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad