বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়ছে, সপ্তাহে চলবে ৮৫টি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ আগস্ট ২০২৬, ০৭:২৬ বিকাল
  • ৫৭৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সম্প্রসারিত হচ্ছে। দুই দেশের মধ্যে নতুন দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি (এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তির ফলে বাংলাদেশ-সৌদি রুটে সপ্তাহে ফ্লাইটের সংখ্যা ৪৯টি থেকে বেড়ে ৮৫টিতে উন্নীত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সরকার সৌদি আরবের কাছে সপ্তাহে অতিরিক্ত ৩৬টি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়ে প্রস্তাব দেয়। সৌদি কর্তৃপক্ষ এতে সম্মতি দেওয়ার পর দুই দেশের মধ্যে নতুন বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়।

নতুন চুক্তির আওতায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সৌদি আরব সফররত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হাসান সিদ্দিক বলেন, আগে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সপ্তাহে ৪৯টি ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল। নতুন চুক্তির ফলে তা বেড়ে ৮৫টিতে দাঁড়িয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি টিকিট সংকট ও অতিরিক্ত ভাড়ার চাপ কমবে। একই সঙ্গে হজ ও ওমরাহর ফ্লাইট পরিচালনায় দীর্ঘদিনের বিভিন্ন জটিলতারও সমাধান হবে।

তিনি জানান, গত ৩ আগস্ট উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি সৌদি আরব সফরে যান। ওই সফরেই দুই দেশের মধ্যে নতুন বিমান চলাচল চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরিত হয়।

অতিরিক্ত ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ-সৌদি রুটে দীর্ঘদিনের টিকিট সংকট অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। চাহিদার তুলনায় আসন সংখ্যা বাড়লে টিকিটের অস্বাভাবিক মূল্যও সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। এতে সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি, ওমরাহ পালনকারী এবং ব্যবসায়িক কাজে যাতায়াতকারী যাত্রীরা আরও সহজে ও তুলনামূলক কম খরচে ভ্রমণের সুযোগ পাবেন।

এ ছাড়া হজ মৌসুমে শেষ মুহূর্তে স্লট সংকট, ফ্লাইট পুনঃতফসিল ও পরিচালনাগত জটিলতার কারণে হাজিদের যে ভোগান্তি হয়, নতুন চুক্তির মাধ্যমে তা উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। স্থায়ী ও কার্যকর স্লট ব্যবস্থাপনার বিষয়েও চুক্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশি বিমান সংস্থাগুলো, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্স, দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সুবিধাজনক সময়ে উড্ডয়ন ও অবতরণের স্লট পেতে সমস্যার মুখোমুখি হয়ে আসছে। অনেক ক্ষেত্রে গভীর রাত বা অনুপযুক্ত সময়ে স্লট পাওয়ায় পরিচালন ব্যয় বেড়েছে। একই সঙ্গে যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে।

এই সমস্যা সমাধানে বাংলাদেশের প্রতিনিধি দল সৌদি আরবের স্লট নির্ধারণকারী কর্তৃপক্ষ সৌদি স্লট ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিরা তাদের পরিচালনাগত সমস্যাগুলো তুলে ধরেন। পাশাপাশি যাত্রীবান্ধব ও বাস্তবসম্মত সময়ে ফ্লাইট পরিচালনার জন্য স্লট নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

নতুন চুক্তি বাস্তবায়নের ফলে বাংলাদেশ-সৌদি আকাশপথে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি, হজ ও ওমরাহযাত্রী এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের যাতায়াত আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad