২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের হতাশা এখনো কাটেনি সমর্থকদের। সেই হতাশারই এক মজার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।
সম্প্রতি একটি গাড়ির গ্যারেজে গেলে মেদিনাকে চিনতে না পেরে গ্যারেজের মালিক তাঁর সামনেই আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের সমালোচনা শুরু করেন। তাঁর অভিযোগ, আর্জেন্টিনা ইচ্ছা করেই বিশ্বকাপের ফাইনাল স্পেনের কাছে ছেড়ে দিয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে জানা যায়, গ্যারেজে যাওয়ার পর মেদিনাকে মাতের কাপ দিয়ে আপ্যায়ন করেন মালিক। মেদিনার হাতে থাকা পাত্রে আর্জেন্টিনা জাতীয় দলের তিনটি তারকা খোদাই করা দেখে তিনি জাতীয় দল নিয়ে কথা শুরু করেন। তবে তখনও তিনি বুঝতে পারেননি, যার সঙ্গে বসে আর্জেন্টিনা দলের সমালোচনা করছেন, সেই ব্যক্তিই জাতীয় দলের ডিফেন্ডার মেদিনা।
বিষয়টি বুঝতে পেরে মেদিনা নিজের পরিচয় প্রকাশ না করে বরং ওই ব্যক্তিকে আরও কথা বলতে উৎসাহিত করেন। প্রায় এক ঘণ্টা ধরে তিনি গ্যারেজ মালিকের অভিযোগ শোনেন।
মেদিনা পরে জানান, তিনি ওই ব্যক্তিকে বিষয়টি বিস্তারিত বলতে বলেছিলেন। জবাবে গ্যারেজ মালিক বলেন, ‘আমরা এটা ছেড়ে দিয়েছি। আমরা ম্যাচটা ছুড়ে দিয়েছি।’
তবে কিছুক্ষণ পরই পরিস্থিতি বদলে যায়। পাশের একটি বেকারি থেকে বেরিয়ে আসা এক নারী মেদিনাকে চিনতে পারেন। পরে তিনি গ্যারেজ মালিকের সঙ্গীকে জানান, সেখানে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় মেদিনা বসে আছেন।
মেদিনাকে দেখে ওই নারী এতটাই বিস্মিত হন যে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। পরে কিছুটা দূরে গিয়ে তাঁকে কাঁদতেও দেখা যায়। মেদিনা বলেন, তখন ওই নারীর মনে প্রশ্ন জেগেছিল—‘সে এখানে কীভাবে থাকতে পারে!’
পরিস্থিতি স্বাভাবিক করতে মেদিনা নিজেই তাঁর কাছে এগিয়ে যান। তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘এখন কেঁদো না। আমরা কিছুই ছেড়ে দিইনি, আমরা জিততে চেয়েছিলাম।’
এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরেন। বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত যে আর্জেন্টাইন সমর্থকদের মনে কতটা গভীর, মেদিনার এই অভিজ্ঞতায় তারই এক আবেগঘন ও মজার প্রতিফলন দেখা গেছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স