শেষ বিদায়ে বাবার পাশে মেসি, নীরব কান্নায় রোজারিও

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ১০:২০ দুপুর
  • ৪৮২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি জীবনের কঠিনতম সময়ে ফিরে গেলেন নিজের শহর রোজারিওতে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে রোববার শেষ বিদায় জানিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা।

পরিবারের সদস্যদের নিয়ে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে রোজারিওর একটি ব্যক্তিগত কবরস্থানে বাবার শেষকৃত্যে অংশ নেন মেসি।

শনিবার রোজারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে রোজারিওর উদ্দেশে রওনা হন মেসি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানরা।

রোববার সকালে সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে পরিবারের সদস্যদের সঙ্গে বাবাকে শেষ বিদায় জানান মেসি। অনুষ্ঠানে তার মা সেলিয়া কুচিত্তিনি, ভাই মাতিয়াস ও রদ্রিগো এবং বোন মারিয়া সোলও উপস্থিত ছিলেন।

মেসি ও তার পরিবারের ব্যক্তিগত মুহূর্তের প্রতি সম্মান জানিয়ে কবরস্থানটিতে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়। দুপুর থেকে সেখানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পুরো আয়োজন রাখা হয় কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে।

তবে প্রিয় তারকার এই দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করেছেন রোজারিওর মানুষ। বিমানবন্দর ও কবরস্থানের আশপাশে ভক্তরা মেসির প্রতি ভালোবাসা ও সমবেদনা জানিয়ে বিভিন্ন ব্যানার রেখে যান। এর মধ্যে একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি।’

মেসির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ও জাতীয় দলের কোচিং স্টাফ। তাদের পক্ষ থেকে শোকবার্তা ও ফুলের তোড়া পাঠানো হয়েছে। রোজারিওর মেয়র পাবলো জাভকিনও মেসি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে শেষকৃত্য অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসনের প্রস্তুতির কথাও জানান তিনি।

হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার সব পেশাদার ও যুব ফুটবল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়।

মেসির ফুটবল ক্যারিয়ারের শুরুর ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও হোর্হে মেসিকে স্মরণ করেছে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবটি ছোট্ট মেসি, তার বাবা হোর্হে এবং অন্য শিশুদের সঙ্গে একটি পুরোনো ছবি প্রকাশ করে। বার্তায় ক্লাবটি জানায়, হোর্হে শুধু মেসির বাবা ছিলেন না, তিনি ক্লাবটির একজন কোচও ছিলেন।

ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, ‘হোর্হে আমাদের ইতিহাসের অংশ ছিলেন এবং আমাদের ক্লাবের একজন কোচও ছিলেন। এখানে তিনি সেই ছোট্ট লিওনেলের প্রথম দিনগুলোতে সঙ্গে ছিলেন, যিনি সময়ের সঙ্গে বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছেন।’

মাত্র চার বছর বয়সে যে ক্লাবে ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন মেসি, সেই ক্লাবটি আরও লিখেছে, ‘আমরা তোমাকে শক্ত করে জড়িয়ে ধরছি, লিও। আমাদের ইতিহাসের অংশ হওয়ার জন্য ধন্যবাদ, হোর্হে।’

বাবাকে হারিয়ে মেসির এই শোকের সময়ে রোজারিওর মানুষ, আর্জেন্টাইন ফুটবল মহল ও বিশ্বজুড়ে তার ভক্তরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad