ইনফান্তিনোকে সরানোর চেষ্টা করলে ফিফা মারাত্মক ভুল করবে: ট্রাম্প

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, ০২:২৩ দুপুর
  • ৪৯৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অপসারণের উদ্যোগ নেওয়া হলে সেটি মারাত্মক ভুল হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফার অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ইনফান্তিনোর প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন তিনি।

সম্প্রতি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংস্থাটির বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব ১৫ বিলিয়ন ডলারের বিনিময়ে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি প্রস্তাব দেন। এ প্রস্তাবকে ঘিরে আন্তর্জাতিক ফুটবলে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, সম্ভাব্য এই চুক্তির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাইয়ের মালিকানাধীন একটি কোম্পানির সম্পৃক্ততা রয়েছে।

প্রস্তাবটির বিরোধিতা করে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব প্রত্যাহার করে নিতে বাধ্য হন ইনফান্তিনো।

তবে প্রস্তাব প্রত্যাহার করলেও ফিফা সভাপতির পদত্যাগের দাবিতে অনড় রয়েছে উয়েফা, এএফসি ও কনকাকাফ। ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে তিন কনফেডারেশন জোটবদ্ধ হওয়ার উদ্যোগ নিচ্ছে বলেও খবর রয়েছে। এর মধ্যেই কর্মক্ষেত্রে পরকীয়ার অভিযোগ ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি।

এমন পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘ফিফা যদি কোনো কারণে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সরানোর কথা ভাবে, তবে তারা একটি মারাত্মক ভুল করবে। তিনি অসাধারণ একজন প্রশাসক, যিনি সর্বকালের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন করেছেন। তিনি চলে গেলে ফিফা আর কখনো এতটা সফল বা লাভজনক হতে পারবে না।’

ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি অবশ্য নতুন নয়। এর আগে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে বিশেষ ‘ফিফা শান্তি পুরস্কার’ দেওয়া হয়েছিল।

ফিফার সভাপতিকে ঘিরে চলমান বিরোধের মধ্যে ট্রাম্পের এমন প্রকাশ্য সমর্থন আন্তর্জাতিক ফুটবলে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এখন ট্রাম্পের বক্তব্যের পর উয়েফা, এএফসি ও কনকাকাফ কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad