রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গোয়ালন্দ পৌর শহরের তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম হীরা উপজেলার বাহাদুরপুর এলাকার জাবেদের ছেলে। তিনি পৌর শহরের তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ থেকে ৬ হাজার টাকা পাওনা নিয়ে শরিফুলের সঙ্গে কামরুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুল ধারালো চাকু দিয়ে শরিফুলের বুকে আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুল ইসলাম হীরাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কামরুল পালিয়ে গেলেও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রথম দর্পণ,ডেস্ক