শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস ও হলগুলোতে ছাত্রদের মধ্যে সংঘাত ও মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, এ মুহূর্তে বিভেদ ও বিরোধে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ প্রসঙ্গে মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশার আলোকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দেশের সব রাজনৈতিক দল একমত। তবে জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা পক্ষকে উপেক্ষা করা যাবে না। সনদ প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও আপত্তি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ যথাযথভাবে মূল্যায়ন করেনি। বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন। কার্যকর ও গ্রহণযোগ্য রাজনৈতিক সংস্কারের জন্য সব পক্ষের মতামতের প্রতি সম্মান দেখাতে হবে।
মাওলানা আফেন্দী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল মানুষের অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। তাই শুধু রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করলেই হবে না; একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার সংকটও সমাধান করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং মুফতি বশীরুল হাসান খাদিমানী ও মুফতি নুরুল আলম ইসহাকীর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেখক ও গবেষক মাওলানা যাইনুল আবিদীন, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল হক কাওসারী ও মাওলানা আব্দুল মালিক চৌধুরীসহ অন্যরা।
কাউন্সিল অধিবেশনে মুফতি মাহবুবুল আলমকে সভাপতি, মুফতি নুরুল আলম ইসহাকীকে সাধারণ সম্পাদক, মাওলানা আনোয়ার হামিদীকে সাংগঠনিক সম্পাদক এবং মুফতি শাব্বির আহমদকে প্রচার সম্পাদক করে ৬১ সদস্যের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠন করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক