গাজায় যুদ্ধ বন্ধে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি। তিনি বলেছেন, ইসরাইলের বর্তমান অবস্থান মধ্যস্থতা প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে এবং গাজা সংকট দীর্ঘায়িত করছে।
কায়রোতে দেওয়া বক্তব্যে নাবিল ফাহমি আটটি আরব ও ইসলামি দেশের যৌথ বিবৃতিকে স্বাগত জানান। ওই বিবৃতিতে গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা প্রত্যাখ্যান করায় ইসরাইলের প্রতি নিন্দা জানানো হয়।
আরব লীগের প্রধান বলেন, ইসরাইল ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান থেকে স্পষ্ট যে তারা শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চায়। তিনি অভিযোগ করেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখে ইসরাইল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ২০২৩ সাল থেকে গাজায় দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনি মানবিক সংকটে রয়েছেন।
ফাহমির দাবি, হামাস প্রস্তাবিত শান্তি পরিকল্পনার শর্তগুলো মেনে নিয়েছে। কিন্তু ইসরাইল তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ফলে শান্তি প্রক্রিয়ার অচলাবস্থার দায় ইসরাইলি সরকারের ওপর বর্তায় বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, গত অক্টোবর থেকে চুক্তির অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব রয়েছে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টিকারী পক্ষের ওপর চাপ প্রয়োগ করার। একই সঙ্গে তিনি দ্রুত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যাওয়ার আহ্বান জানান।
আরব লীগের প্রধান আরও বলেন, যারা ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে, তাদের ইসরাইল সরকারের বিষয়ে একটি সুস্পষ্ট ও ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া উচিত। কারণ নেতানিয়াহু প্রকাশ্যেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছেন।
রোববার আটটি আরব ও ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরাইলের অবস্থানের নিন্দা জানিয়ে বলেন, এতে যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা হুমকির মুখে পড়তে পারে। তারা গাজার মানবিক সংকট মোকাবিলা, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং পুনর্গঠন শুরু করতে শান্তি পরিকল্পনাটি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক