তোকে নিয়ে 'আলেয়া মান্নান'
আমার জীবনের যত ভাবনা, ছিল তোকে নিয়ে।
হাজার প্রেমের প্রেমিক তুই? জীবন দিলি পুড়িয়ে।
ভাবনা ছিল তোকে নিয়ে, ঘর বাঁধব ছোট্ট কুটিরে।
যেথায় যাস, যাই করিস,বেলা শেষে আসবি নীড়ে।
ভুলগুলো বুঝিয়ে বলব, বুঝবি হয়ত দিন শেষে।
তবুও সব ঠিক হবে, চলবি না আর পাগল বেশে।
দুজন মিলে সাজিয় নেব মোদের এই জীবনটা।
নুন-পান্তা খেয়ে পরেও, হারাব না ভালোবাসাটা।
মোটা ভাতে, মোটা কাপড়ে, দিন কাটিয়ে নেব।
সুখে-দুখে সবটা সময়, তোর পাশেই রব।
দামি শাড়ি, চুড়ি-ফিতা, চাইব না তোর কাছে।
অল্পতেই খুশি থাকব, তোর যা কিছু আছে।
গোপন রাখব চাহিদা আর, আমার সব ইচ্ছে।
তোকে ভালোবেসে তবুও, থাকতে চেয়েছি বেঁচে।
বড় বাড়ি, দামি গাড়ি, তাও নেই আমার চাওয়া।
চাওয়ার মাঝে মোর জীবনে, শুধুই তোকে পাওয়া।
চাইনি হতে বড় মাপের, চাকরিজীবীর স্ত্রী।
হোস না তুই দিনমজুর, কৃষক কিংবা রাজমিস্ত্রী।
আমার এমন ভালোবাসা, দেখে পাড়ার লোকে
যখন-তখন যেই-না-সেই, নানান কথায় বকে।
তাতেই আমি সুখী হতাম, পেলে তোর সঙ্গ।
এত কিছুর পরেও তুই, শপথ করলি ভঙ্গ।
আমার জীবনের সব ভাবনা, ছিল তোকে নিয়ে
হাজার প্রেমের প্রেমিক তুই, আমাকে দিলি হারিয়ে!
তোকে নিয়ে ভাবনা ছিল, আমার যত শত।
তোর জন্য আর কতটাই বা, করব মাথা নত।

প্রথম দর্পণ,ডেস্ক