আইনশৃঙ্খলার অবনতি, নারী-শিশু নির্যাতন ও ছিনতাই বেড়েছে: জাতীয় নারী শক্তি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৩৮ রাত
  • ২৮৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে দেশে নারী ও শিশু নির্যাতন, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ আগের তুলনায় বেড়েছে বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তি। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেত্রীরা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে সাম্প্রতিক ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তারা।

মানববন্ধনে জাতীয় নারী শক্তির নেত্রীরা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, তরুণ সমাজের একটি বড় অংশ মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে দেশের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। অথচ এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

তারা বলেন, অপরাধ ও নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক সেবার সংকটও জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও জনবিচ্ছিন্ন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার মূল দায়িত্বের পরিবর্তে অন্য কাজে ব্যস্ত রয়েছেন।

মনিরা শারমিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী চোখে কাঠের চশমা পরে আছেন বলেই জনগণের দুর্ভোগ ও দেশের বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন না।’ তিনি অবিলম্বে সেই ‘কাঠের চশমা’ খুলে রাজপথে এসে জনগণের জানমালের প্রকৃত অবস্থা দেখার আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, দলের সদস্য দিলারা খানম এবং জাতীয় নারী শক্তির নেত্রীরা।

বক্তারা অবিলম্বে নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad