‘প্রধানমন্ত্রী আমাকে বললেন, আপনিও তো প্রধানমন্ত্রী’

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৯ রাত
  • ১৯৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)—কোনো কর্মকর্তার কাছে তিনি অবৈধ কোনো সুপারিশ করবেন না। তিনি যেসব বিষয় নিয়ে প্রশাসনের কাছে যান, সেগুলো জনগণের কল্যাণের জন্যই করেন বলে দাবি করেছেন। তাঁর লক্ষ্য, জনগণ যেন শান্তি, স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে।

সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন মুফতি আমির হামজা। তাঁর বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি স্মৃতির কথা উল্লেখ করে আমির হামজা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সবাই দেখা করেছে, আমিও হাত মেলাতে গেছি। আমাকে তিনি বলেছেন, আপনিও তো প্রধানমন্ত্রী। আমি বললাম, এটা তো আমি রূপক অর্থে বলেছি।’

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমার কথা হলো, একটা দেশে প্রধানমন্ত্রী কয়জন থাকে! কুষ্টিয়া তো একটা দেশ নয়; একটা জেলা। এক আসনে প্রধানমন্ত্রী হয় কেউ! পাগলেও তো বলবে, এটা রূপক অর্থে বলা হয়েছে।’

নিজের হলফনামার প্রসঙ্গ তুলে আমির হামজা বলেন, ‘হলফনামা দিয়েছি, পাঁচ বছরে আমার একটি টাকাও বাড়বে না। সুতরাং, আপনার কাছে অন্য কোনো আবদার নিয়ে আসব কেন!’

প্রশাসন ও স্থানীয় কর্মকর্তাদের জবাবদিহিতার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের ঘোষণা, যারা জনগণের জন্য কাজ করবে না, তাদের আমি রাখব না। বিকালে দুই ওসি-এসপি পাল্টিয়ে দিয়েছি। ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম। যদি না ধরেন, তাহলে ঘেরাও দেব।’

তিনি আরও বলেন, ‘আগে ডিসি-এসপিরা ঝাড়িমারা কথা বলত, আর এখন কথা বললে ৬০ সেকেন্ডের ৪০ সেকেন্ড স্যার স্যার করে। কারণ, তিনি জানেন যে কিছু হলেই ১০ হাজার মানুষ দিয়ে ঘেরাও দিলে আমি আর থাকতে পারব না। তারা জানেন, আমি কোনো খারাপ আবদার নিয়ে আসব না।’

এ ধরনের ব্যবস্থা সারা দেশে চালুর আশাবাদ ব্যক্ত করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘আমার মনে হয়, আমরা যদি সারা বাংলাদেশে এই সিস্টেমটি চালু করতে পারি, সাড়ে চার বছর এখনও সময় আছে, এই সময়ে আল্লাহ এই জমিনটি আমাদের জন্য অনুকূল করে দেবেন।’




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad