ডিফেন্ডার বন্ধের ভুল বার্তা, উপেক্ষা করতে বলল মাইক্রোসফট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৬, ০৯:১৯ রাত
  • ৩৬৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাম্প্রতিক আপডেটের পর ব্যবহারকারীদের কাছে অ্যান্টিভাইরাস বন্ধ থাকার বিষয়ে ভুল সতর্কবার্তা পাঠানো হচ্ছে। বিভ্রান্ত না হয়ে এ ধরনের নোটিফিকেশন উপেক্ষা করতে ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের ‘রিলিজ হেলথ ড্যাশবোর্ড’-এর শুক্রবারের এক আপডেটে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাম্প্রতিক বিভিন্ন আপডেট ইনস্টলের পর ‘মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস বন্ধ আছে’—এমন নোটিফিকেশন দেখা যেতে পারে। তবে বাস্তবে অ্যান্টিভাইরাসটি স্বাভাবিকভাবেই কাজ করছে এবং এর সব সেটিংস সক্রিয় রয়েছে।

ভুল বার্তাটি উইন্ডোজ চালু হওয়ার সময় কিংবা পরবর্তী সময়ে মাঝেমধ্যে প্রদর্শিত হতে পারে। এমনকি ব্যবহারকারীরা নোটিফিকেশন সেটিংস বন্ধ করে রাখলেও এ ধরনের সতর্কবার্তা পর্দায় ভেসে উঠতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট।

প্রতিষ্ঠানটির ভাষ্য, সমস্যাটির প্রভাব উইন্ডোজের সব সচল সংস্করণ—ক্লায়েন্ট ও সার্ভার—ব্যবস্থায় দেখা যাচ্ছে। সাম্প্রতিক সংস্করণ ‘উইন্ডোজ ১১ ২৬এইচ১’ এবং ‘উইন্ডোজ সার্ভার ২০২৫’-এও বিভ্রান্তিকর এই বার্তা দেখা যাচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, ত্রুটিটি সমাধানের জন্য তারা কাজ করছে। মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের ভবিষ্যৎ কোনো আপডেটের মাধ্যমে সমস্যাটির সমাধান ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

উইন্ডোজ আপডেটের পর ভুল সতর্কবার্তা বা ত্রুটির বার্তা প্রদর্শনের ঘটনা অবশ্য মাইক্রোসফটের জন্য নতুন নয়। এর আগেও একই ধরনের সমস্যার ক্ষেত্রে ব্যবহারকারীদের ভুল বার্তা উপেক্ষা করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৫ সালের এপ্রিলে ‘উইন্ডোজ রিকভারি এনভায়রনমেন্ট’ আপডেট ইনস্টলের পর ভুল ‘0x80070643’ এরর মেসেজ দেখানোর একটি ত্রুটি শনাক্ত করে সমাধান করেছিল মাইক্রোসফট। একই সময়ে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ ডিভাইসে বিটলকার ড্রাইভ এনক্রিপশন-সংক্রান্ত ভুল বার্তা প্রদর্শনের সমস্যাও সমাধান করা হয়।

এ ছাড়া ২০২৫ সালের জুলাইয়ে ‘জুন ২০২৫ প্রিভিউ’ আপডেট ইনস্টল ও কম্পিউটার রিবুটের পর উইন্ডোজ ফায়ারওয়ালের কিছু ভুল সতর্কবার্তা প্রদর্শিত হলে ব্যবহারকারীদের সেগুলো উপেক্ষা করতে বলেছিল মাইক্রোসফট।

এর এক মাস পর প্রতিষ্ঠানটি জানায়, জুলাই ২০২৫ প্রিভিউ আপডেট এবং পরবর্তী সময়ে উইন্ডোজ ১১ ২৪এইচ২ আপডেটের কারণে ‘সার্টিফিকেট সার্ভিসেস ক্লায়েন্ট’ সংক্রান্ত কিছু ত্রুটি বা এরর মেসেজ প্রদর্শিত হচ্ছিল।

সাম্প্রতিক ডিফেন্ডার-সংক্রান্ত সমস্যার ক্ষেত্রেও মাইক্রোসফটের পরামর্শ হলো—অ্যান্টিভাইরাস বন্ধ থাকার ভুয়া সতর্কবার্তা দেখে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। অ্যান্টিভাইরাসটি সক্রিয় থাকলে আলাদাভাবে তা চালু করার প্রয়োজনও নেই।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad