ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে জোট।
শুক্রবার (৬ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, হুথি মিলিশিয়াদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে সেগুলো প্রতিহত ও ধ্বংস করেছে।
আল-মালিকি জানান, ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস হওয়ার পর সেগুলোর ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে নাজরান প্রদেশে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সতর্কতা প্রত্যাহার করা হয়।
ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাত
উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি এলাকা দখল করে নেয়। এর মধ্য দিয়ে দেশটিতে গৃহযুদ্ধের সূচনা হয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে সংঘাতের তীব্রতা বেড়েছে। এ সময়ে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে হুথিদের বিরুদ্ধে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক