ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্টেই ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলে দেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে একদিকে যেমন বাংলাদেশের ইনিংস পেয়েছে শক্ত ভিত, অন্যদিকে ভেঙেছে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক রেকর্ড।
৩৫৯ বলের ম্যারাথন ইনিংসে ২২টি চার ও ১১টি ছক্কা হাঁকান হৃদয়। দলের অন্য ব্যাটাররা একের পর এক সাজঘরে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ২৪২ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৮৬ রানের মধ্যে একাই করেন ৬২ দশমিক ৬৯ শতাংশ রান।
মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে হৃদয়বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন তাওহিদ হৃদয়। তাঁর আগে এই রেকর্ড ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ২১৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। প্রায় আট বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছালেন হৃদয়।
এর আগে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। হৃদয় হলেন দেশের হয়ে এই কীর্তি গড়া চতুর্থ ব্যাটার।
প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরিক্যারিয়ারের তৃতীয় টেস্টের পঞ্চম ইনিংসে প্রথম সেঞ্চুরির দেখা পান হৃদয়। সেই সেঞ্চুরিকে সরাসরি ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন নজির গড়েছেন তিনি।
এর আগে বাংলাদেশের হয়ে অভিষেক সেঞ্চুরিতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রান করেছিলেন তিনি। আন্তর্জাতিক টেস্ট ইতিহাসে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া ৪৫তম ব্যাটার হৃদয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বাংলাদেশের সর্বোচ্চক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। এর আগে ২০১৮ সালে মিরপুর টেস্টে মাহমুদউল্লাহর ১৩৬ রান ছিল সর্বোচ্চ। এবার সেই রেকর্ড ছাড়িয়ে ২৪২ রানের ইনিংস খেললেন তিনি।
এক ইনিংসে সর্বোচ্চ ১১ ছক্কাহৃদয়ের ব্যাটিংয়ে ছিল রক্ষণাত্মক দৃঢ়তা ও আক্রমণাত্মক শটের অসাধারণ সমন্বয়। ১১টি ছক্কা মেরে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তিনি।
এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ২০৬ রানের ইনিংস খেলার পথে সাতটি ছক্কা মেরেছিলেন তামিম ইকবাল।
বিশ্ব রেকর্ডের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন হৃদয়। টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ১২ ছক্কার রেকর্ডে ভাগ বসাতে আর একটি ছক্কা প্রয়োজন ছিল তাঁর। কিন্তু তাসকিন আহমেদের বিদায়ে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যাওয়ায় সেই সুযোগ আর হয়নি।
এক দিনে বাংলাদেশের সর্বোচ্চ রানদিনের খেলা শুরু করেছিলেন ২৯ রানে। দিন শেষে তাঁর সংগ্রহ দাঁড়ায় ২৪২। অর্থাৎ এক দিনেই ২১৩ রান যোগ করেন হৃদয়, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এক দিনে কোনো ব্যাটারের সর্বোচ্চ রান।
এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলার পথে এক দিনে ২১২ রান করেছিলেন সাকিব আল হাসান।
দলের ইনিংসে অবদানের বিশ্বমানের নজিরবাংলাদেশের ৩৮৬ রানের ইনিংসে হৃদয়ের অবদান ৬২ দশমিক ৬৯ শতাংশ। টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে পূর্ণ ইনিংসে দলের মোট রানের অনুপাতে এটি সর্বোচ্চ অবদান।
এর আগে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৮ রান করার পথে দলের ৪১৭ রানের মধ্যে ৬১ দশমিক ৮৪ শতাংশ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সিমুর নার্স।
বাউন্ডারি থেকেই ১৫৪ রান৩৫৯ বলের ইনিংসে ২২টি চার ও ১১টি ছক্কা মেরেছেন হৃদয়। বাউন্ডারি থেকেই এসেছে তাঁর ১৫৪ রান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড এটি।
এর আগে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংসে ৩১টি চার মেরে বাউন্ডারি থেকে ১২৪ রান করেছিলেন সাকিব আল হাসান।
সিলেট স্টেডিয়ামে প্রথম ডাবল সেঞ্চুরিসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়েছেন হৃদয়। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর এই মাঠে অনুষ্ঠিত আগের ছয় টেস্টে কোনো ব্যাটার দ্বিশতক করতে পারেননি।
এই মাঠে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল মাহমুদুল হাসান জয়ের ১৭১ রান। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ইনিংস খেলেছিলেন তিনি।
অষ্টম ও নবম উইকেটে জুটির রেকর্ডব্যাটিং বিপর্যয়ের মধ্যেও দলের ইনিংস এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হৃদয়। ১৮৪ রানে সপ্তম উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে অষ্টম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন তিনি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অষ্টম উইকেটে এটিই প্রথম শতরানের জুটি।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে অষ্টম উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এই রেকর্ডে এখনো শীর্ষে রয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাঁরা ১৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন।
তাইজুলের বিদায়ের পর তাসকিন আহমেদকে নিয়ে নবম উইকেটে আরও ৮৫ রান যোগ করেন হৃদয়। সিলেটের মাঠে নবম উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে লিটন দাস ও শরিফুল ইসলাম ৬৪ রানের জুটি গড়েছিলেন।
এ ছাড়া ১৮৪ রানে সপ্তম উইকেট হারানোর পর বাংলাদেশের ইনিংসে শেষ তিন উইকেটে যোগ হয়েছে ২০২ রান। এই পরিস্থিতিতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই সর্বোচ্চ সংগ্রহ। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন উইকেটে ১৯৮ রান করেছিল বাংলাদেশ।
সব মিলিয়ে তাওহিদ হৃদয়ের ২৪২ রানের ইনিংস শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটে একাধিক রেকর্ডের নতুন অধ্যায়। ক্যারিয়ারের শুরুতেই এমন কীর্তি গড়ে দেশের ক্রিকেটে নিজের অবস্থানকে আরও উজ্জ্বল করে তুলেছেন এই তরুণ ব্যাটার।

প্রথম দর্পণ,ডেস্ক