সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামছে পাকিস্তান ও ভুটান। নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দল দুটির। অন্যদিকে টুর্নামেন্টে প্রথমবারের মতো মাঠে নামবে মালদ্বীপ ও শ্রীলংকা। জয় দিয়ে সাফ অভিযান শুরু করাই তাদের লক্ষ্য।
রোববার (৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বেলা সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে মালদ্বীপ। দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় ভুটানের প্রতিপক্ষ শ্রীলংকা।
এবারের আসরে পাকিস্তান ও ভুটান একটি করে ম্যাচ খেলেছে। উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-২ গোলে হেরেছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ভুটান। ফলে আজকের ম্যাচে জয় পেলে পরবর্তী পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখবে দল দুটি। হারলে তাদের সাফ অভিযান শেষ হওয়ার শঙ্কা রয়েছে।
ভারতের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই রক্ষণভাগের দুর্বলতায় ভুগেছে পাকিস্তান। প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে দলটি। এর মধ্যে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় হতাশা আরও বাড়ে। তবে ম্যাচের শেষদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তান। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ব্যবধান কমিয়ে ৩-২ করে তারা। শেষ মুহূর্তের এই লড়াকু পারফরম্যান্স মালদ্বীপের বিপক্ষে দলটিকে আত্মবিশ্বাস জোগাতে পারে।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে ভালো সময় পার করছে না মালদ্বীপ। চলতি বছর এশিয়ান কাপ বাছাইপর্বে তিমুর-লেস্তের বিপক্ষে ২-১ গোলের জয় তাদের উল্লেখযোগ্য সাফল্যগুলোর একটি। গত জুনে ডায়মন্ড জুবিলি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি। এ ছাড়া সর্বশেষ তিনটি প্রীতি ম্যাচে ১৪ গোল হজম করেছে মালদ্বীপ। অতীতের এই পরিসংখ্যান পাকিস্তানকে জয়ের প্রত্যাশা দেখাচ্ছে।
তবে ভুটানের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। বংশোদ্ভূত খেলোয়াড়নির্ভর শ্রীলংকার বিপক্ষে জয় পেতে হলে দলটিকে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে হবে। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ভুটানও। অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে পরবর্তী পর্বের পথে এগিয়ে যেতে চাইবে শ্রীলংকা।
দিনের দুই ম্যাচের ফলাফলই গ্রুপ পর্বের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পাকিস্তান ও ভুটানের জন্য আজকের ম্যাচ দুটি হয়ে উঠেছে সাফে টিকে থাকার লড়াই।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স