রেলিগেশন শঙ্কায় থাকা ম্যানইউকেও বার্সেলোনার সমমানের বলছেন এমেরি

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ দুপুর
  • ১০৪৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ওল্ড ট্র্যাফোর্ডে জয়ের কঠিন চ্যালেঞ্জ অ্যাস্টন ভিলার সামনে, ইউনাইটেডকে হালকাভাবে নিতে নারাজ কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের পয়েন্ট তালিকায় রেলিগেশন জোনে থাকা দলটির পারফরম্যান্স নিয়েও চলছে সমালোচনা। তবে এমন পরিস্থিতিতেও ইউনাইটেডকে হালকাভাবে নিতে রাজি নন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। বরং আসন্ন ম্যাচের আগে তার মন্তব্য, বর্তমান অবস্থান যা-ই হোক, মানের দিক থেকে ম্যানচেস্টার ইউনাইটেড স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সমপর্যায়ের দল।

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। ম্যাচটিকে নিজেদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এমেরি। কারণ, ঐতিহ্যবাহী এই মাঠে তার দলের রেকর্ড খুব একটা ভালো নয়। কোচিং ক্যারিয়ারে ওল্ড ট্র্যাফোর্ডে জয় না পাওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।

অন্যদিকে, পাঁচ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে ম্যাচে নামছে অ্যাস্টন ভিলা। তবে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার কাছে ৩-০ গোলের পরাজয় দলটির জন্য বড় ধাক্কা হয়ে আছে। বিপরীতে মাইকেল ক্যারিকের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড লিগে কঠিন সময় পার করছে। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে দলটি।

ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমেরি বলেন, বার্সেলোনার বিপক্ষে খেলার মতো প্রস্তুতি নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামতে হবে। প্রতিপক্ষের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে তাদের শক্তি খাটো করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ীই খেলেছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। কারণ, যাদের মুখোমুখি হয়েছি, তারা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ মানের দল। রোববার ম্যানচেস্টার ইউনাইটেডও বার্সেলোনার সমান মানের। খেলোয়াড়দের নিয়ে আমরা এই কাজই করার চেষ্টা করছি। অবশ্যই কাজটা অনেক কঠিন।’

ইউনাইটেডের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে এমেরি বলেন, ক্লাবটি অসাধারণ এবং তাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে। লিগে ধারাবাহিকতার অভাব থাকলেও দলটি আবার নিজেদের ছন্দ ফিরে পাবে বলে আশা করেন তিনি।

ওল্ড ট্র্যাফোর্ডে ভিলার অতীত রেকর্ডও ম্যাচটিকে কঠিন করে তুলেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ছয়বার এই মাঠে গিয়ে হেরেছে দলটি। এমেরি জানান, চার বছর ধরে সেখানে জয় পাওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

তার ভাষায়, ‘এটা ম্যানচেস্টার ইউনাইটেড। আমাদের সামনে পরিষ্কার উদাহরণ আছে। চার বছর ধরে আমরা ওখানে কোনো ম্যাচ জিতিনি। তাই আমাদের জন্য এটা খুবই কঠিন।’

ওল্ড ট্র্যাফোর্ডকে নিজের ও দলের জন্য বড় পরীক্ষা উল্লেখ করে এমেরি বলেন, সেখানে অতীতে বেশ কয়েকটি কঠিন পরাজয়ের অভিজ্ঞতা রয়েছে তাদের। এমনকি দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের সুযোগও শেষ ম্যাচে হারের কারণে হাতছাড়া হয়েছিল।

ম্যাচে ভালো ফল পেতে ব্যক্তিগত ও দলীয়ভাবে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ভিলার এই কোচ। তার মতে, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করতে হলে মাঠে সর্বোচ্চ সামর্থ্য প্রদর্শনের পাশাপাশি দলীয় প্রচেষ্টাও জরুরি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad