ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার আশঙ্কা, ঝুঁকিতে ১৪ পয়েন্ট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ দুপুর
  • ১২০৬৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কুমিল্লায় নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারিতে পুলিশ; গ্রেপ্তার একাধিক নেতাকর্মী

ডিসেম্বরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের অন্তত ১৪টি কৌশলগত পয়েন্টে যানবাহন ভাঙচুর, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে। এ পরিস্থিতিতে মহাসড়কের নিরাপত্তা জোরদার করে জেলাজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মহাসড়ক অচল করার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এসব তথ্যের ভিত্তিতে প্রযুক্তির ব্যবহার ও গোপন নজরদারির মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।

ঝুঁকিপূর্ণ ১৪ পয়েন্ট চিহ্নিত

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং, আদর্শ সদর, সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার ১৪টি স্থানকে সম্ভাব্য নাশকতার ঝুঁকিপূর্ণ পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানগুলো হলো—দাউদকান্দি উপজেলার শহীদনগর, ইলিয়টগঞ্জ, পুটিয়া, তীরচর ও গোমতা; চান্দিনা উপজেলার মাধাইয়া ও কাঠেরপুল; বুড়িচং উপজেলার নিমসার ও কাবিলা; আদর্শ সদর উপজেলার সৈয়দপুর, আলেখারচর ও কোটবাড়ী; সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এবং চৌদ্দগ্রাম উপজেলার আলকরা।

গোয়েন্দা সূত্রের আশঙ্কা, রাতের আঁধারে এসব এলাকার নির্জন স্থানে অবস্থান নিয়ে দূরপাল্লার যানবাহনে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা হতে পারে।

মহাসড়ককে লক্ষ্য করার আশঙ্কা

সংশ্লিষ্ট সূত্রের মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দৈর্ঘ্য প্রায় ১০৩ কিলোমিটার। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যোগাযোগপথ হওয়ায় রাজনৈতিক অস্থিরতার সময় এ মহাসড়কে যান চলাচল ব্যাহত হলে জাতীয় অর্থনীতি ও পণ্য পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। অতীতেও রাজনৈতিক কর্মসূচি ও অস্থিতিশীল পরিস্থিতিতে এ মহাসড়কে সহিংসতা ও যান চলাচলে বিঘ্ন ঘটার ঘটনা ঘটেছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধন ও অর্থায়নে ছাত্রলীগ-যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশের বিশেষ অভিযান ও সতর্কতা

কুমিল্লা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য রয়েছে। তথ্যপ্রযুক্তি ও গোপন নজরদারির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা নস্যাৎ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চিহ্নিত ১৪টি পয়েন্টসহ পুরো ১০৩ কিলোমিটার এলাকায় দিন-রাত বিশেষ টহল ও তল্লাশি জোরদার করা হয়েছে।

তিনি বলেন, মহাসড়কে যানবাহন ভাঙচুর বা অগ্নিসংযোগের কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad