পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার প্রস্তাব জিএম কাদেরের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ দুপুর
  • ১১৪৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের অভিযোগের নিন্দা; সরকারি ভর্তুকি ও রেশনিং চালুর আহ্বান

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ, নির্যাতন ও গ্রেপ্তারের অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি ভর্তুকি, নগদ অর্থ সহায়তা কিংবা রেশনিং ব্যবস্থা চালুর প্রস্তাবও দিয়েছেন জাতীয় পার্টির এই নেতা।

বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জিএম কাদের।

বিবৃতিতে তিনি বলেন, দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাকশিল্প থেকে। অথচ উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতন কাঠামোয় শ্রমিকদের পক্ষে দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা ব্যয় ও রান্নার জ্বালানির খরচ মেটাতে গিয়ে শ্রমিকদের জীবনযাপন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে।

তিনি বলেন, পোশাকশিল্পে কর্মরত লাখ লাখ শ্রমিকের পক্ষে জীবনধারণের ন্যূনতম ব্যয় মেটানোও কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শ্রমিকরা।

জিএম কাদের অভিযোগ করেন, শ্রমিকদের ন্যায়সংগত দাবির প্রতি সহানুভূতিশীল হওয়ার পরিবর্তে সরকার আন্দোলন নিয়ন্ত্রণে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। আন্দোলনকারীদের পাশাপাশি আশপাশের এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন বলে তিনি দাবি করেন।

গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে বিবৃতিতে তিনি আরও বলেন, গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আহত তৌফিক নামের এক পোশাকশ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে পরিবারটিকে ন্যায়সংগত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণে সরকার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে বলেও আশঙ্কা প্রকাশ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

বিবৃতিতে গার্মেন্টস শিল্পের চলমান সংকট মোকাবিলায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জিএম কাদের। তাঁর মতে, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি ভর্তুকি, নগদ অর্থ সহায়তা অথবা রেশনিং ব্যবস্থা চালু করা হলে তাদের আর্থিক চাপ কমাতে সহায়ক হতে পারে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad