বিশ্বকাপজয়ী লুকাস পোডলস্কির অবসরের ঘোষণা
ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা লুকাস পোডলস্কি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। চলতি গ্রীষ্মেই বুট জোড়া তুলে রাখবেন তিনি।
বর্তমানে পোল্যান্ডের ক্লাব গোরনিক জাব্রজের অধিনায়ক হিসেবে খেলছিলেন পোডলস্কি। সম্প্রতি দলটিকে দীর্ঘ প্রতীক্ষিত পোলিশ কাপ জেতানোর পাশাপাশি ক্লাবটির মালিকানার অংশও গ্রহণ করেন তিনি। এরপর থেকেই তার অবসরের গুঞ্জন জোরালো হয়।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় পোডলস্কি বলেন, “একটি অধ্যায় শেষ হচ্ছে, নতুন এক যুগ শুরু হচ্ছে।” শনিবার রাদোমিয়াক রাদোমের বিপক্ষে ম্যাচটিই হবে তার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
বিদায়ী ভিডিওতে নিজের ক্যারিয়ারে খেলা প্রতিটি ক্লাবের জার্সি সাজিয়ে রাখেন পোডলস্কি। পরে স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে বলেন, “ঠিক আছে, আজকের কাজ শেষ।”
তার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছে গোরনিক জাব্রজেও। ক্লাবটি লিখেছে, “সবকিছুর জন্য ধন্যবাদ, পোলদি। নতুন ভূমিকায় শুভকামনা।”
দুর্দান্ত বাঁ-পায়ের শট ও প্রাণখোলা ব্যক্তিত্বের কারণে সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন পোডলস্কি। জার্মান জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৪৯ গোল করেছেন তিনি। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার অবস্থান তৃতীয়। তার ওপরে রয়েছেন মিরোস্লাভ ক্লোজে (৭১ গোল) ও জার্ড মুলার (৬৮ গোল)।
কোলনের যুব একাডেমিতে ফুটবল ক্যারিয়ার শুরু করেন পোডলস্কি। ২০০৩ সালে পেশাদার ফুটবলে অভিষেকের পর খেলেছেন বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ইন্টার মিলান, গালাতাসারাই, ভিসেল কোবে ও আনতালিয়াসপোরের মতো ক্লাবে। বায়ার্নের হয়ে জিতেছেন বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাও।
দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়ে এসে গোরনিক জাব্রজের হয়ে ঘরোয়া কাপ জয়ের মাধ্যমে জার্মানি, ইংল্যান্ড, তুরস্ক ও জাপানের পর পোল্যান্ডেও শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেন এই বিশ্বকাপজয়ী তারকা।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ