জিইসি মোড়ে হঠাৎ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কর্মীদের বিরুদ্ধে তদন্তে নামল পুলিশ

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০১ জুন ২০২৬, ০৬:১৩ বিকাল
  • ১৯৭৫৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জিইসি মোড়ে হঠাৎ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কর্মীদের বিরুদ্ধে তদন্তে নামল পুলিশ


চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে পুলিশ লাইনের অদূরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০টার দিকে এমইএস কলেজ প্রাঙ্গণ থেকে এ মিছিলটি শুরু হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মিছিল শুরুর আগে প্রায় ১৫–২০ মিনিট ধরে কলেজ গেট এলাকায় একদল নেতাকর্মী জড়ো হয়। পরে তারা ব্যানারসহ হঠাৎ করেই মিছিল বের করে জিইসি মোড় হয়ে পুলিশ লাইনের দিকে অগ্রসর হয়। মিছিলে আনুমানিক দেড় থেকে দুইশ জন অংশ নেয় বলে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলটি জিইসি মোড় অতিক্রম করে ওয়াসা মোড় পর্যন্ত গিয়ে পরে ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্ট বিভিন্ন পেজ ও প্রবাসে অবস্থানরত রাজনৈতিক নেতাদের কয়েকটি পেজ থেকেও ভিডিওটি শেয়ার করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, “জিইসি এলাকায় একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। যেহেতু নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ রয়েছে, তাই অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ চলছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তাদের আইনের আওতায় আনা হবে।”

এর আগে একই এলাকায় একাধিকবার এ ধরনের মিছিলের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad