গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন: মামুনুল হক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ জুন ২০২৬, ০৪:৫৪ দুপুর
  • ১৫২৩৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বুধবার সৌদি আরবের পবিত্র মক্কায় বাংলাদেশ খেলাফত মজলিসের মক্কা শাখার উদ্যোগে আয়োজিত হজ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ২০১৩ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে প্রতিরোধের ভিত্তি রচিত হয়েছিল, তার ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি দাবি করেন, প্রবাসী বাংলাদেশিরাও জীবন ও জীবিকার ঝুঁকি নিয়ে ওই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রয়োজন।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে দেশে দুটি গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে—একটি জাতীয় নির্বাচন এবং অন্যটি গণভোট। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল চতুর্থ গণভোট। গণভোটের আগে দেশের অধিকাংশ রাজনৈতিক শক্তি ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিলেও পরবর্তীতে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সর্বপ্রথম রাজপথে নেমেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ থেকে সারাদেশে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।

মক্কা শাখার সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসিরউদ্দিন মুনির।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad