রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত: যানজট কমাতে বড় উদ্যোগ
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান। সভায় রাজধানীর পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাখালী বাস টার্মিনালের যানজট কমাতে পূর্বাচলে অস্থায়ী বাস ডিপো নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে নির্ধারিত সময় অনুযায়ী বাস প্রবেশ ও যাত্রী ওঠানামা করবে, ফলে সড়কে দীর্ঘ সারি ও যানজট কমবে।একই সঙ্গে সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান চিহ্নিত করার কাজ চলছে। আগামী সাত দিনের মধ্যে চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানানো হয়। এরপর পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হবে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জানান, মহাখালী এলাকার যানজট নিয়ন্ত্রণে পূর্বাচলে ডিপো স্থাপনের সিদ্ধান্ত যৌথভাবে বাস্তবায়ন করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও এ উদ্যোগে সহযোগিতা করবে।এছাড়া সায়েদাবাদ টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনা এবং কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে গুলিস্তান এলাকার বাস কার্যক্রম ধীরে ধীরে কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।সভায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়েও আলোচনা হয়। প্রকল্পটি বাতিল না করে আরও কার্যকর গণপরিবহন করিডোর হিসেবে ব্যবহারের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে।ফুটপাত দখলমুক্ত রাখা এবং হকার পুনর্বাসনের বিষয়েও সিদ্ধান্ত হয়। সরকার জানিয়েছে, উচ্ছেদের পরিবর্তে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করে হকারদের পুনর্বাসনের মাধ্যমে সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।
কমেন্ট করুন: