একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠনের উদ্যোগ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বলেন, কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হচ্ছে।
সোমবার জাতীয় সংসদে ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে দুদকের অতিরিক্ত বরাদ্দ দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পূর্বের আইনের ভিত্তিতে সার্চ কমিটি পুনর্গঠনের সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, আগের অধ্যাদেশ গ্রহণ না হলেও বিদ্যমান আইন পুনরুজ্জীবিত হওয়ায় সেই অনুযায়ী কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রক্রিয়ার অংশ হিসেবে অবশেষে প্রধান বিচারপতির প্রতিনিধি নিয়োগ পাওয়া গেছে। এর ফলে শিগগিরই সার্চ কমিটি গঠন সম্পন্ন হবে এবং এরপর পূর্ণাঙ্গ দুদক গঠন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তরিকভাবে কাজ করছে। তবে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার কারণে কিছুটা বিলম্ব হয়েছে।
তিনি আরও জানান, এটি একটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং সংশ্লিষ্ট বিল সংসদে পাস হলে ভবিষ্যতে আরও শক্তিশালী কাঠামোর দুদক গঠন সম্ভব হবে।
সংসদে বিরোধী বক্তব্যের জবাবে তিনি বলেন, দেশে সব পর্যায়ে দুর্নীতি থাকলেও রাজনৈতিক নেতৃত্বকে প্রায়ই এককভাবে দায়ী করা হয়, যদিও প্রশাসনিক বিভিন্ন স্তরে সিদ্ধান্ত প্রক্রিয়া সম্পৃক্ত থাকে।
সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতি দমন কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করতে কমিশন পুনর্গঠন প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হবে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক