মন্ত্রণালয়–সম্পর্কিত দুটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য মুশফিকুর রহমান, আর আইন মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
রোববার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর অনুমতিক্রমে তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম পৃথক প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাব দুটি পাস হয়।
নতুন গঠিত দুটি কমিটিতেই বিরোধী দল জামায়াতে ইসলামীর দুজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন করে সংসদ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। বাকিরা ক্ষমতাসীন বিএনপির সংসদ সদস্য।
এর আগে ১০ জুন পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এ নিয়ে চলতি সংসদে তিনটি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হলো।
অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটি
অর্থ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।
কমিটির সদস্যরা হলেন—
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহে আলম (বগুড়া-২), মো. জালাল উদ্দিন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মো. শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলম খান (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবেদীন (ঢাকা-৪) এবং এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) (কুমিল্লা-৪)।
আইন মন্ত্রণালয়–সম্পর্কিত কমিটি
আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ।
কমিটির সদস্যরা হলেন—
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সংরক্ষিত নারী আসনের সদস্য শাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মো. হাসান রাজীব প্রধান (লালমনিরহাট-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) ও আল ফারুক আবদুল লতিফ (নীলফামারী-২) এবং এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন (রংপুর-৪)।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী কার্যক্রম তদারকি ও সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব পালন করবে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক