দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও আধুনিক করতে আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত না থাকলে নতুন রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদ নবায়ন করা হবে না।
সম্প্রতি জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন করতে হবে এবং তা সার্বক্ষণিক সচল রাখতে হবে।
বিআরটিএ জানায়, জিপিএস সংযুক্তির কারিগরি নির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য সংস্থাটির স্থানীয় কার্যালয় কিংবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করা হলে যানবাহনের অবস্থান পর্যবেক্ষণ, গতিনিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ