রিও ডি জেনিরো, ১৫ জুন: ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় রেক্রেইও দোস বান্দেইরান্তেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় দমকল বিভাগ জানায়, মাঝআকাশে সংঘর্ষের পর দুটি হেলিকপ্টারই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমসংলগ্ন পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়। এতে পার্কিংয়ে থাকা প্রায় ২০টি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
দমকল বিভাগের মুখপাত্র ফাবিও কন্ত্রেইরাস বলেন, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তিনি জানান, এ ধরনের ব্যাটারিতে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ গাড়ির তুলনায় কয়েক গুণ বেশি পানি ব্যবহার করতে হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, একটি হেলিকপ্টারে থাকা পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। অপর হেলিকপ্টারটিতে কেবল পাইলট ছিলেন এবং তিনিও দুর্ঘটনায় প্রাণ হারান।
দুর্ঘটনার পর হেলিকপ্টার দুটির ধ্বংসাবশেষ কয়েকশ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পার্কিং এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়।
দমকল কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। হেলিকপ্টার দুটি জনবসতিপূর্ণ অন্য কোনো স্থানে আছড়ে পড়লে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।
ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে দুর্ঘটনার ভিডিও ফুটেজ, ফ্লাইট তথ্য এবং অন্যান্য আলামত পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারীরা।
ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্র (সেনিপা) জানিয়েছে, চলতি বছরে এ দুর্ঘটনাসহ দেশটিতে ৮৪টি বিমান দুর্ঘটনার ঘটনা রেকর্ড করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক