যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা ইতিবাচক পর্যায়ে পৌঁছেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান। শেহবাজ শরিফ বলেন, আলোচনা সফলভাবে শেষ হলে উভয় পক্ষ ইলেকট্রনিক পদ্ধতিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে পারে। এরপর আগামী সপ্তাহে চুক্তির বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে পৃথক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে এ প্রক্রিয়ায় সহায়তা প্রদানকারী আঞ্চলিক দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আমরা আশা করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশ্লেষকদের মতে, সম্ভাব্য এ চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এবং আঞ্চলিক কূটনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক