বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসান নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হওয়ায় এই দরপতন ঘটেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে দাঁড়ায় ৭৮.৬৬ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে ৭৫.৮১ ডলারে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, ইরানি তেল দ্রুত আবার বিশ্ববাজারে ফিরে আসতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা বিক্রির দিকে ঝুঁকছেন। ১৪ দফার সমঝোতা অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত আলোচনার পথ তৈরি হবে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।
তবে ওই সমঝোতায় ইরানের পারমাণবিক কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়গুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ইরানের পুনর্গঠনে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের অর্থায়নের পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে ২০২৭ সালের দিকে বিশ্ববাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে চলতি বছর সুদের হার আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। এতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি তেলের চাহিদার ওপর চাপ পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক