গাজা উপত্যকায় আন্তর্জাতিক মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও এ পর্যন্ত ১ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সময়কালেও হামলা ও সামরিক অভিযান বন্ধ হয়নি। এর ফলে বেসামরিক নাগরিকদের প্রাণহানি অব্যাহত রয়েছে এবং মানবিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া আহতের সংখ্যাও কয়েক হাজারে পৌঁছেছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে চলমান সহিংসতা ও যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষকরা বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল ও অস্থিতিশীল হয়ে উঠছে, যা দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।
সূত্র: আল জাজিরা

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক