গণভোটে প্রদত্ত গণরায়ের বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত কার্যকরকরণ, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও পুশইন বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ১১ জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।
এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন, দীর্ঘ রাজনৈতিক সংকট, দমন-পীড়ন ও গণতান্ত্রিক অধিকার হরণের বিরুদ্ধে জনগণের আন্দোলনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটে দেশের মানুষ তাদের স্পষ্ট মতামত ব্যক্ত করেছে। কিন্তু সেই গণরায়ের বাস্তবায়ন এখনো দৃশ্যমান না হওয়ায় জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের রায়ই সর্বোচ্চ। তাই গণভোটে প্রদত্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করা রাষ্ট্র ও সরকারের সাংবিধানিক এবং নৈতিক দায়িত্ব। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
তিস্তা ইস্যুতে তিনি বলেন, উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও জনজীবনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা সরাসরি সম্পর্কিত। দীর্ঘদিন ধরে প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না হওয়ায় এ অঞ্চলের মানুষ বঞ্চনার শিকার হচ্ছে। তিনি তিস্তার ন্যায্য পানিপ্রবাহ নিশ্চিত ও মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাওলানা আব্দুল হালিম বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও পুশইনের ঘটনা দেশের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের জন্য উদ্বেগজনক। এসব ঘটনার স্থায়ী সমাধানে সরকারকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা নিতে হবে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক গণসমাবেশে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে জনগণ তাদের অধিকার, ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক দাবির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। রংপুরের বিভাগীয় সমাবেশও উত্তরাঞ্চলের মানুষের ন্যায্য দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ গণমঞ্চে পরিণত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আমির এটিএম আযম খান, রংপুর জেলা আমির ও সংসদ সদস্য গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।
সভা থেকে আগামী ১১ জুলাই রংপুরে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করতে রাজনৈতিক কর্মী, পেশাজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক এবং সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ