সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে রাজধানীর উত্তরায় ‘মানবতার বক্স’ নামে একটি মানবিক উদ্যোগের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তরা পশ্চিম থানা শাখার উদ্যোগে বৃহস্পতিবার উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে এ কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
উদ্বোধন শেষে তিনি বাজারের বিভিন্ন দোকান ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি ‘মানবতার বক্সে’ সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, পোশাক বা আর্থিক সহায়তা রাখার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
সেলিম উদ্দিন বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলে অনেক অসহায় পরিবারের প্রয়োজন মেটানো সম্ভব হবে। মানবিক মূল্যবোধ জাগ্রত করে পারস্পরিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা জামায়াতের নায়েবে আমির মকবুল আহমেদ, তুরাগ মধ্য থানা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান, ১১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন ভূঁইয়া, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি ফিরোজ আলম, যুবনেতা তারিক হাসান, মোতালেব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকদের মতে, ‘মানবতার বক্স’ কর্মসূচির মাধ্যমে সমাজের সচ্ছল মানুষের দান ও সহায়তা সংগ্রহ করে তা প্রয়োজনমতো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণ করা হবে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার