লেবাননকে ‘আগুনে পুড়িয়ে দেওয়ার’ হুমকি ইসরাইলি মন্ত্রীর

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৬, ০৩:৪৯ দুপুর
  • ৯২০৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় চার ইসরাইলি সেনা নিহত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। তিনি বলেছেন, ‘পুরো লেবানন পুড়ে যাওয়া উচিত।’

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন গভির দাবি করেন, একজন ইসরাইলি মায়ের প্রতিটি অশ্রুবিন্দুর বিনিময়ে হাজারো লেবাননি মায়ের কান্না হওয়া উচিত। একই সঙ্গে তিনি লেবাননের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের আহ্বান জানান।

এর আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় চারজন ইসরাইলি সেনা নিহত হওয়ার খবর প্রকাশিত হয়। ওই ঘটনার পরই বেন গভিরের এ বক্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে সামরিক অভিযান সীমিত করার আহ্বান জানালেও বেন গভির দীর্ঘদিন ধরেই লেবাননে আরও ব্যাপক ও কঠোর হামলার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

এক্সে দেওয়া আরেক মন্তব্যে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, ইসরাইলকে বিশ্ববাসীর কাছে স্পষ্ট বার্তা দিতে হবে যে, আমাদের সন্তানদের রক্ত এবং নাগরিকদের নিরাপত্তা কোনোভাবেই আপসের বিষয় নয়।’

এদিকে ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচও লেবাননের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এখন শক্তি প্রদর্শনের সময়। নরকের দরজা খুলে দেওয়ার সময় এসেছে।’

বর্তমানে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন, ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তার সরকারের নেই।

বিশ্লেষকদের মতে, ইসরাইলি মন্ত্রীদের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উসকে দিতে পারে এবং সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াতে পারে।

সূত্র: সিএনএন




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad